আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এ সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের পাশাপাশি নতুন নিবন্ধন পাওয়া চারটি দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে দলগুলোর মতামত ও সহযোগিতা নেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য।
এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ ও ভোটের তারিখ ঘোষণা করেছে কমিশন। সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়নে ভোট হবে।
প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইউপি নির্বাচন শেষে পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করবে ইসি।
