বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে আয়োজিত এ মহড়া পরিদর্শনের সময় তিনি নিজেই অল-টেরেইন ভেহিকল (এটিভি) চালান। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি।
মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। তিন বাহিনীর বিশেষ সদস্যদের সমন্বয়ে আয়োজিত এ অনুশীলনে বিভিন্ন সামরিক কার্যক্রম প্রদর্শন করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপে সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এবারই প্রথম তিন বাহিনীর উল্লিখিত বিশেষ ইউনিটগুলো একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নেয়।
