মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ হতে পারে। তবে এর মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
আমিনুল ইসলামের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান বিরোধী রাজনৈতিক দল দমনে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছেন।
তিনি আরও জানান, তৎকালীন সেনাপ্রধানসহ কয়েকজন সামরিক কর্মকর্তার সাক্ষ্য মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এই মামলাতেই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।
