জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জানান, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা।
রিমান্ড আবেদনে ডিবি পাঁচটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনায় জড়িত অন্যদের অবস্থান নির্ধারণ, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার পরিকল্পনাকারীদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ।
এর আগে ১৭ নভেম্বর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ওই দিন আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে কিশোর মোতালেব মারা যায়। এ ঘটনায় তার বাবা ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। সাঈদ খোকনও মামলার আসামি।
