ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেই গ্রেপ্তার, শেখ হাসিনাকে নিয়ে সরকারের স্পষ্ট বার্তা

দেশে ফিরলেই গ্রেপ্তার, শেখ হাসিনাকে নিয়ে সরকারের স্পষ্ট বার্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে একই আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে কারও আলোচনা হয়নি।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে তিনি রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন। তার বর্তমান অবস্থানও নিশ্চিতভাবে জানা নেই বলে জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ চলছে। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে আইন অনুসরণ করা হবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে।