সাপের কামড়ের চিকিৎসা উন্নত ও দেশীয় অ্যান্টিভেনম উৎপাদনের লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারকে আধুনিক জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে উন্নীত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় সাপের বিষ সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাগার স্থাপন, চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের জরিপ অনুযায়ী, দেশে বছরে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। মারা যান আনুমানিক ৭ হাজার ৫০০ জন।
বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয়। এটি দেশীয় কিছু সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয় বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে।
গবেষকদের আশা, দেশীয় সাপের বিষের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যান্টিভেনম তৈরি করা গেলে আমদানিনির্ভরতা কমবে এবং চিকিৎসার কার্যকারিতা বাড়বে।
