পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘ সময় ওই নাগরিকের কোনো সাড়া না পেয়ে গ্রিন সিটির নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
