চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার। প্রথম ধাপে ১১টি শিক্ষা বোর্ড থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।
১০০তম অবস্থানে সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের জন্য আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত থাকবে। ফলে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ৫০০ শিক্ষার্থী এ সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই কর্মসূচির উদ্দেশ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ প্রকল্পের আওতায় ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে বিতরণের পরিকল্পনা রয়েছে। এতে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ভবিষ্যতে এ কর্মসূচির পরিসর বাড়ানোর পাশাপাশি এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি হবে। বোর্ডগুলো যাচাই করে তালিকা পাঠাবে।
