সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ মামলার আসামি ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার চেষ্টাকালে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাসের আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াতের তথ্যও রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করার কাজে তিনি সক্রিয় ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
