বিজয় দিবসে রাষ্ট্রীয় উড়োজাহাজে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে কঠোর মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ফেরারি আসামির এমন আবদারকে নজিরবিহীন ও হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর উড়োজাহাজে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।
এ ছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবারও একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা চান তিনি।
