নড়াইলে রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে ভারতের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা বাড়িয়ে এবং যাচাইবিহীন তথ্য ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জি ২৪ ঘণ্টা, রিপাবলিক ওয়ার্ল্ড, এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা ও হিন্দুস্তান টাইমস বাংলাসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম নড়াইলের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করেছে।
গত ২০ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দার চর ও আশপাশের এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর দুই দিন আগে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট দুই নেতা নিহত হন। ওই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
দ্য ডেইলি স্টারের মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, পরবর্তী সহিংসতায় ৪০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তি।
অন্যদিকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে ২০০ থেকে ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে। এসব বাড়ি হিন্দু সম্প্রদায়ের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে প্রচার করা হয়।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, নির্ভরযোগ্য সূত্র ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইবিহীন তথ্য ব্যবহার করে রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। এতে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট আড়াল হওয়ার পাশাপাশি বিভ্রান্তি তৈরি হচ্ছে।
