ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারত সীমান্তে আওয়ামী লীগের চার নেতা!

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারত সীমান্তে আওয়ামী লীগের চার নেতা!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে এমন দাবি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) হিন্দুস্তান টাইমস ও টিভি৯ বাংলাসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক সহযোগী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নেতারা সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে রওনা হয়ে বেলা ২টার দিকে পেট্রাপোল সীমান্তে পৌঁছান। সেখানে বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কলকাতার উদ্দেশে ফিরে যান।

শুধু পেট্রাপোল নয়, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, আগামী মঙ্গলবার ত্রিপুরার সীমান্ত এলাকা পরিদর্শন এবং বুধবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যোগাযোগপথ পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলের।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সূচির তথ্য পাওয়া যায়নি। সীমান্ত পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কিত দাবিগুলোও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।