ডিএইয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৬ লাখ টন। এর বিপরীতে চলতি বছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ শতাংশ বেশি।
ডিএইয়ের মহাপরিচালক এম আব্দুর রহিম জানান, অফ-সিজনে সরবরাহ বজায় রাখতে ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতার আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন। এতে সংরক্ষণকালে পেঁয়াজের অপচয় কমছে বলে সংশ্লিষ্টদের দাবি।
ডিএই ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রেখেছে। সংস্থাটির হিসাবে, আমদানি বন্ধ থাকায় বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়েছে। তবে কৃষকদের কেউ কেউ উৎপাদন খরচ ও লাভের বিষয়টি বিবেচনায় নিয়ে পেঁয়াজ রপ্তানির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
