রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতের কয়েকটি গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ড বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে বলে মন্ত্রণালয় মনে করে।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মহাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎপরতা এবং নিরীহ মানুষের ওপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের ঝুঁকি তৈরি করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সব দেশের দায়িত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটের এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে।
