রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে তাঁরা মিছিল বের করেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনের প্রভাবে মাওনা, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
