ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়া ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিচার শুরু

সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়া ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে গুলিবিদ্ধ শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামসহ পুলিশের সাবেক কয়েকজন সদস্য রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৩ আসামি পলাতক।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইয়ামিন। সে সময় পুলিশের সাঁজোয়া যান থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।