ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ, নজরদারিতে ৬০০ কর্মকর্তা

আ লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ, নজরদারিতে ৬০০ কর্মকর্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে পুলিশের তিন শতাধিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। পাশাপাশি প্রশাসনের আরও তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, তদন্তের তালিকায় উপপরিদর্শক থেকে উপমহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পাচার ও রাজনৈতিক যোগাযোগের অভিযোগে প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতিও চলছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে ঢাকায় ১৭৭টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। ড্রোন ও সিসিটিভির মাধ্যমেও নজরদারি চলছে।

এদিকে সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১ হাজার ২২৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নির্বিচারে কর্মকর্তাদের অপসারণ পুলিশ বাহিনীর সক্ষমতা দুর্বল করতে পারে।