বিদ্যমান কর আইন যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে নতুন কর আরোপ ছাড়াই বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ১৩ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারত। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, কর পরিপালনে দুর্বলতার কারণে ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ মূল্য সংযোজন কর থেকে জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ সমপরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না।
২০২২-২৩ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৭ দশমিক ৩ শতাংশ।
র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ব্যক্তিগত আয়করে সম্ভাব্য রাজস্বের তুলনায় ঘাটতি ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ পয়েন্ট। অন্যদিকে অভ্যন্তরীণ ভ্যাটে ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।
শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার।
