ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও ২০৩০ সালের মধ্যে নতুন পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান অভিযোগ করেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে প্রতিটি সংকটে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী জানান, আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত সক্ষমতা বৃদ্ধিতে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রয়াত মা খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।