ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলুমকারীদের প্রশ্রয় নয়, সরকারের দায়িত্ব মনে করিয়ে দিলেন বায়তুল মোকাররমের খতিব

জুলুমকারীদের প্রশ্রয় নয়, সরকারের দায়িত্ব মনে করিয়ে দিলেন বায়তুল মোকাররমের খতিব

সমাজে হত্যা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেছেন, জালিমকে প্রশ্রয় দেওয়া কিংবা মজলুমকে অসহায় অবস্থায় ফেলে রাখা ইসলামে গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার খুতবায় এসব কথা বলেন তিনি।

খতিব বলেন, সরকারের প্রধান দায়িত্ব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। অপরাধীর রাজনৈতিক পরিচয়, বংশ কিংবা পারিবারিক অবস্থান বিবেচনা না করে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি সতর্ক করেন, জালিমকে আশ্রয় দেওয়া বা তার অন্যায়কে সমর্থন করাও গুনাহ। এমনকি কোনো মুসলিম বা অমুসলিমকে অকারণে ভয় দেখানোও ইসলামে নিষিদ্ধ।

সাংবাদিকদের উদ্দেশে খতিব বলেন, অন্যায়কারীর পক্ষে সংবাদ বা কলাম লেখা উচিত নয়। বরং নির্যাতিত মানুষের পক্ষে সত্য তুলে ধরা গণমাধ্যমকর্মীদের নৈতিক ও ইমানি দায়িত্ব।

তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সব ধরনের জুলুম প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।