ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ নভেম্বর শুরু অপ্রতিম হত্যা মামলার বিচার

২৯ নভেম্বর শুরু অপ্রতিম হত্যা মামলার বিচার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় চারজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক।

আদালত সূত্রে জানা গেছে, দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে। অপর দুই কিশোর আসামির বিচার হবে শিশু আদালতে। তারা বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। শুনানির দিন তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামিরা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের একটি নির্জন পাহাড়ি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।