গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের পর ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। এ ঘটনায় দলটিকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।
গত ১৯ নভেম্বর বিকেল ৫টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি দল মুকসুদপুর থানায় যায়। পরে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্রগুলো উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিরাপদে সংরক্ষণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। সকাল সাড়ে ১১টার দিকে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, নথিপত্র ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
ওসি বাবলুর রহমান জানান, অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা অভিযান চালান। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী দলটির সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার কথা জানান।
