ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনার পর থেকে ওই নেতাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া নেতা দিদারুল আলম (৩৪) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, একটি বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুলকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হচ্ছিল। পথে তাঁর স্বজনসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেওয়া হয়।

আহত দুই কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত দিদারুলকে গ্রেপ্তার করা যায়নি।