দেশের ১৫ জেলায় এক রাতেই অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে বাস, ট্রেনের কোচ, রেললাইন, থানা, রাজনৈতিক কার্যালয় ও সংসদ সদস্যের বাড়িতে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
জেলাগুলো হলো গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুর।
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সিয়াম (২৫) নামের এক বাসচালকের সহকারী নিহত হন। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় হামলায় প্রাণ হারান উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে তিনটি বাসে আগুন দেওয়া হয়। রংপুরে একটি শিক্ষার্থী পরিবহনের বাস এবং ফতুল্লায় চলন্ত ট্রেনের একটি কোচে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নেত্রকোনার বারহাট্টায় দুটি স্থানে রেললাইনে আগুন দেওয়া হয়।
এ ছাড়া হবিগঞ্জ, বরিশাল ও রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় ও বিএনপির সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ বিভিন্ন ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। এসব ঘটনায় কয়েকটি স্থানে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
