দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশের যথাযথ নিবন্ধন বা সরকারি অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে অভিন্ন নীতিমালা ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ অনুমোদন ছাড়াই অনেক ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় প্রতিষ্ঠানগুলো এত দিন নিজেদের মতো পরিচালিত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কাজ করছে।
এদিকে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও কর্মচারীদের মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের পদ রয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদে নিয়োগের চাহিদা পাওয়া গেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াও চলছে।
