ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে ছিলেন অভ্যুত্থানের পর, বসুন্ধরার বাসা থেকে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব

পালিয়ে ছিলেন অভ্যুত্থানের পর, বসুন্ধরার বাসা থেকে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রুহুল আমীনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব ছিলেন তিনি। ৫ আগস্ট সরকারের পতনের পর আত্মগোপনে যান। ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এর দুই দিন পর তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।

রুহুল আমীন আওয়ামী লীগপন্থী আলেম হিসেবে পরিচিত। ২০১৮ সালে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি।