ভাইরাল ভিডিওর শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর। তাদের বাবা ফিরোজ খানের বাড়ি ঝালকাঠিতে। আগে তিনি বরিশালের সাধুর বটতলা এলাকায় থাকতেন।
সাংবাদিক সাব্বির খানের দাবি, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরোজের অসচ্ছলতার খবর ছড়িয়ে পড়লে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা সহায়তা হিসেবে দেওয়া হয়। পরে সেগুলো বিক্রি করে শিশুদের নিয়ে ঢাকায় চলে আসেন তিনি।
সাব্বিরের অভিযোগ, ফিরোজ শিশুদের ব্যবহার করে মানুষের সহানুভূতি নিয়ে অর্থ সংগ্রহ করেন। তাঁর দাবি, শিশু দুটিকে একসময় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ডে-কেয়ার সেন্টারেও রাখার ব্যবস্থা হয়েছিল।
স্থানীয় সূত্রে ফিরোজের পারিবারিক জীবন নিয়েও নানা অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফিরোজ খানের বক্তব্যও পাওয়া যায়নি।
