ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

টাক মাথায় চুল ফেরানোর নতুন প্রযুক্তি, চীনা বিজ্ঞানীদের চিরুনিতে মিলল সাফল্য!

টাক মাথায় চুল ফেরানোর নতুন প্রযুক্তি, চীনা বিজ্ঞানীদের চিরুনিতে মিলল সাফল্য!

চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর সম্ভাবনা তৈরি করেছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি। তবে প্রযুক্তিটির কার্যকারিতা এখনো মানুষের ক্ষেত্রে প্রমাণিত হয়নি।

চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ডিট্যাঙ্গল’ নামের এই বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবন করেছেন। তাঁদের দাবি, ইঁদুরের ওপর পরীক্ষায় এটি প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের চেয়ে ভালো ফল দিয়েছে।

গবেষণাটি চলতি মাসে বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে। চিরুনিটির দাঁতে থাকা বিশেষ ইলেকট্রোড বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে চুলের গোড়ার ফলিকলকে উদ্দীপিত করে।

গবেষকদের তথ্যমতে, বংশগত টাক পড়ায় আক্রান্ত ইঁদুরের ওপর এক মাসের পরীক্ষায় প্রযুক্তিটি প্রায় ১০০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। একই পরীক্ষায় মিনোক্সিডিলের কার্যকারিতা ছিল প্রায় ৭০ শতাংশ।

তবে মানুষের ক্ষেত্রে এটি কতটা নিরাপদ ও কার্যকর, তা এখনো নিশ্চিত নয়। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আগে আরও গবেষণা প্রয়োজন। তাই টাক মাথায় শতভাগ চুল গজানোর দাবি এখনই নিশ্চিতভাবে গ্রহণের সুযোগ নেই।