কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ঘটনার উৎস ও দায়ী পক্ষ শনাক্ত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে আরাগচি এ প্রস্তাব দেন। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেকারচিও বলেছেন, ইরানি বাহিনী ওই অঞ্চলে কোনো আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালায়নি। রোমে ইরানি দূতাবাসও কুয়েতের সামরিক স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ নাকচ করেছে।
কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা পর্যবেক্ষণ কেন্দ্রে ড্রোন হামলায় দুই ইতালীয় টেকনিশিয়ান নিহত হন। তাঁরা জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখায় কর্মরত ছিলেন। হামলায় আরও দুজন—একজন পাকিস্তানি ও একজন কুয়েতি সেনা কর্মকর্তা—আহত হয়েছেন বলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন।
তাজানি বলেন, কুয়েতের পাওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়। ঘটনার বিষয়ে ইরানি দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে ইতালি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হতাহতের খবর নিশ্চিত করেছে। হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এ ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে।
