মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম না হলেও ইউরোপ পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রয়েছে।
থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হলে ইরান ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই, বরং প্রয়োজন শান্তি। ইরানি নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
পাশাপাশি মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো আত্মরক্ষায় যথেষ্ট সক্ষমতা অর্জন না করা পর্যন্ত মার্কিন সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে সমঝোতার অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য এসেছে। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কোনো স্বীকৃত প্রমাণ নেই।
