যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২০২৬ সালে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬১৭, যা অঙ্গরাজ্যটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত এক দশকের মধ্যে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
ভাইরাসে আক্রান্ত হয়ে দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত রয়েছেন পরামর্শক ম্যান্ডি বাড। সেপ্টেম্বরে মশার কামড়ে আক্রান্ত হওয়ার পর তাঁর জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে ওঠে এবং দুই পা অসাড় হয়ে যায়। তিনি এএফপিকে বলেন, বেঁচে থাকাটাই তাঁর কাছে স্বস্তির।
ওয়েস্ট নাইল ভাইরাস ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশার মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে ছড়ায়। এর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। অধিকাংশ আক্রান্তের উপসর্গ দেখা যায় না; তবে প্রায় এক শতাংশের ক্ষেত্রে মস্তিষ্কে গুরুতর সংক্রমণ ও পক্ষাঘাত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ভাইরাসটির বিস্তারে ভূমিকা রাখছে। ক্যালিফোর্নিয়ায় তাপ, আর্দ্রতা ও এল নিনোর প্রভাবে বৃষ্টির কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়েছে। কর্তৃপক্ষ লার্ভিসাইড প্রয়োগ ও বন্ধ্যা পুরুষ মশা ছাড়ার উদ্যোগ নিয়েছে। বাসিন্দা ও পর্যটকদের ভোর ও সন্ধ্যায় মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
