ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নতুন হামলার তোড়জোড়, ক্ষমতায় টিকে থাকার কৌশল নেতানিয়াহুর?

ইরানে নতুন হামলার তোড়জোড়, ক্ষমতায় টিকে থাকার কৌশল নেতানিয়াহুর?

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে তৎপর হয়েছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই নতুন যুদ্ধের পথে হাঁটতে চাইছেন তিনি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিও পাঠিয়েছেন তিনি।

এদিকে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট জানিয়েছেন, ইরানে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার মতো হুমকি দেখছেন না তিনি।

তবে নেতানিয়াহুর মুখপাত্রের দাবি, ইসরায়েলের নিরাপত্তাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের মূল বিবেচ্য বিষয়।

বিশ্লেষকদের মতে, নতুন যুদ্ধ শুরু হলে ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের চাপ বাড়তে পারে, যা নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করবে।