ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলি, প্রাণ গেল দুই ভারতীয় বংশোদ্ভূতের

কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলি, প্রাণ গেল দুই ভারতীয় বংশোদ্ভূতের

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে ঘটে যাওয়া এ ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। হামলাটি পরিকল্পিত এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

নিহতরা হলেন ২৩ বছর বয়সী গগনপ্রীত (গ্যারি) রেহাল ও ২৪ বছর বয়সী সুখজিৎ কৌর। তাঁরা ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।

পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানায়, রাত ১০টা ৩৮ মিনিটে ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে গুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় নজরে এসেছিলেন। ঘটনার ১৩ মিনিট পর কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। গাড়িটি হামলাকারীদের ব্যবহৃত হতে পারে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।