মালদ্বীপের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী মালে ও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ‘রেড অ্যালার্ট’ দেওয়া হয়েছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও ধোঁয়াশা অব্যাহত থাকতে পারে।
শনিবার (২১ নভেম্বর) উত্তর ও মধ্য মালদ্বীপের কয়েকটি এলাকায় বায়ুমান সূচক ১৫৯ থেকে ১৬৫-এর মধ্যে রেকর্ড করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের হিসাবে, এ মাত্রার দূষণ স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।
রাজধানী মালেতে সূচক ছিল ১৫৯। অন্যদিকে হুলহুমালে ও আদ্দু সিটিতে তা ছিল যথাক্রমে ৭১ ও ৭০। এসব এলাকায় বায়ুর মান তুলনামূলক ভালো।
মালদ্বীপ আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ধোঁয়াশার কারণে বায়ুর মান কমার পাশাপাশি দৃশ্যমানতাও হ্রাস পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পরবর্তী তিন দিনে উত্তর ও মধ্যাঞ্চলের অ্যাটলগুলোতে ধোঁয়াশা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকতে এবং দীর্ঘ সময় বাইরে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
