আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল। হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, শিশুদের খাবার দেওয়ার প্রস্তুতির সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গাড়িতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কাগজপত্র থাকলেও সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের কার্যক্রমের অংশ ছিল না।
এ ছাড়া উত্তর গাজার জাবালিয়ায় গুলিতে একজন নিহত হয়েছেন। খান ইউনিসে পৃথক হামলায় আহত হয়েছেন তিনজন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা ও গোলাগুলি চলছে। শীতের বৃষ্টি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
