যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধ তথ্যভাণ্ডারে সম্ভাব্য সাইবার হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংস্থাটি ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) তথ্যভাণ্ডারে অননুমোদিত প্রবেশের অভিযোগ তদন্ত করছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধীর পরিচয় ও গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ে এই ডেটাবেস ব্যবহার করে।
সাবেক এক এফবিআই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, হ্যাকাররা শুধু সংবেদনশীল তথ্য চুরিই নয়, তথ্যের নির্ভুলতাও নষ্ট করে থাকতে পারে।
এর আগে সেপ্টেম্বরে এফবিআইয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটে। ২০২৩ সালেও সংস্থাটির নিউইয়র্ক কার্যালয়ের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা।
নতুন ঘটনায় গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তথ্য চুরি বা পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
