ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির বেহাল দশা, দারিদ্র্যের বোঝায় নুয়ে পড়ছে পাকিস্তান!

অর্থনীতির বেহাল দশা, দারিদ্র্যের বোঝায় নুয়ে পড়ছে পাকিস্তান!

দুই দশকে দারিদ্র্য কমানোর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেও আবার বিপর্যয়ের মুখে পাকিস্তান। দেশটিতে দারিদ্র্যের হার ২১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র।

২০০১-০২ সালে পাকিস্তানে দারিদ্র্যের হার ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও প্রবাসী আয়ের কারণে ২০১৮-১৯ সালে তা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

তবে দুর্বল অর্থনৈতিক কাঠামো, মূল্যস্ফীতি, করোনাভাইরাস মহামারি এবং ২০২২ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি পাল্টে দিয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের চরম দরিদ্র মানুষের প্রায় অর্ধেকই পাকিস্তানে বসবাস করেন।

বিশেষজ্ঞদের মতে, স্থায়ী কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তার অভাবে দেশটির দারিদ্র্য বিমোচনের অর্জন টেকসই হয়নি।

ফলে সামান্য অর্থনৈতিক ধাক্কাতেই বহু পরিবার আবার দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।