ভারতের দুই যুব কংগ্রেস নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন সংগঠনটির কর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে বিক্ষোভটি হয়। এ সময় বিক্ষোভকারীদের কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়া এলাকায় ছুটোছুটি করতে এবং ফুলের টব ভাঙতে দেখা যায়। তারা মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে সংগঠনটি সাত দিনের মধ্যে অ্যাকাউন্ট ও পোস্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারিও দিয়েছে।
একই ঘটনায় মুম্বাইয়েও মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ হয়। বিজেপি নেতারা ভাঙচুরের সমালোচনা করে কংগ্রেসকে দায়ী করেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মেটার পদক্ষেপের সমালোচনা করেন।
