ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রস্থল হরমুজ প্রণালীতে শনিবার (২১ নভেম্বর) দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যমতে, হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার সময় একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে। একই সময়ে অন্য একটি ট্যাঙ্কারের ইঞ্জিনকক্ষেও আঘাত লাগে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তায় দেশটির নৌবাহিনী পাহারা দিচ্ছে।
