যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধবিষয়ক তথ্যভান্ডার সাইবার হামলার শিকার হয়েছে। সাম্প্রতিক কয়েক মাসে এটি সংস্থাটির ওপর দ্বিতীয় বড় ধরনের হামলা। এতে সংরক্ষিত সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে হামলার বিষয়টি শনাক্ত করা হয়। বর্তমানে ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) ঘটনাটি তদন্ত করছে।
এনসিআইসি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার। গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধের রেকর্ড ও সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য যাচাইয়ে পুলিশ নিয়মিত এটি ব্যবহার করে।
সাবেক এক এফবিআই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হ্যাকাররা তথ্য চুরি করার পাশাপাশি তথ্য পরিবর্তন করেছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি। ভুল তথ্য পুলিশ ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
এর আগে গত সেপ্টেম্বরে শাইনি হান্টার্স এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি করে। ২০২৩ সালেও সংস্থাটির নিউইয়র্ক কার্যালয়ের একটি কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হয়েছিল। সর্বশেষ হামলা নিয়ে এফবিআই এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
