মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। ইরান দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। তবে বাহরাইন জানিয়েছে, হামলাটি প্রতিহত করা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানান, ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। ইরানের এক কর্মকর্তা দাবি করেছেন, এতে আইআরজিসির অবকাঠামোর ক্ষতি হয়নি।
এদিকে যুদ্ধ বন্ধে ওমান ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে। কাতারের কর্মকর্তাদের সঙ্গে ইরানের বৈঠকে প্রস্তাবগুলোর ব্যবধান কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফরে দেশটির নেতাদের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও উত্তেজনা কমানোর বিষয়েও কথা বলেছেন।
যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
