নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারতের বাজারে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। ২০৩০ সালের মধ্যে দেশটিতে অতিরিক্ত ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ ঘোষণা দেয় অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগের লক্ষ্য ভারতে তাদের কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের কার্বন নিঃসরণ কমানো।
নতুন বিনিয়োগটি আগে ঘোষিত চার বিলিয়ন ডলারের কর্মসূচির অতিরিক্ত। এর মাধ্যমে দেশটিতে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
ভারতের চলতি দশকের শেষ নাগাদ ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে। এ জন্য প্রায় ২২০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে দেশটির সরকার।
এদিকে, অ্যামাজন আগের বিনিয়োগ কর্মসূচির আওতায় ৯৩৪ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার চারটি নতুন বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা কারা হার্স্ট বলেন, নতুন বিনিয়োগ ভারতের দীর্ঘমেয়াদি কার্যক্রম ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে অ্যামাজনের অঙ্গীকারের অংশ।
