রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এএন-১২ মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলা হয়েছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটি কেমেরোভো অঞ্চলের একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ১৯ জন ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে দুর্ঘটনার খবর জানান। পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, অঞ্চলটির ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধার ও তদন্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
