সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
সোমবার নিজের অনুষ্ঠানে কার্লসন বলেন, উপসাগরীয় দেশ দুটির কর্তৃপক্ষ ওই এজেন্টদের আটক করেছে। তাঁর অভিযোগ, ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ইসরায়েল।
কার্লসনের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতে অস্থিরতা উসকে দিতে চায় তেল আবিব।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করেছে, আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
