পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক অবস্থায় অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু স্বাভাবিক ইঁদুরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা তিন বয়সের ইঁদুরের ওপর পরীক্ষা চালান। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বাড়ে ১৯ শতাংশ, বয়ঃসন্ধির পর ২৬ শতাংশ এবং ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বাড়ে ৩৩ শতাংশ।
গবেষকদের মতে, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়সের সঙ্গে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তবে টেস্টোস্টেরন হরমোনই এর জন্য দায়ী কি না, তা নিশ্চিত নয়।
গবেষণায় ইঁদুরের শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। আয়ু বৃদ্ধির জৈবিক কারণও এখনো স্পষ্ট নয়।
বিশেষজ্ঞরা বলছেন, গবেষণাটি ইঁদুরের ওপর করা হয়েছে। মানুষের ক্ষেত্রে একই ফল হবে, এমন প্রমাণ নেই। তাই আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে অণ্ডকোষ অপসারণের কোনো সুপারিশ করা হয়নি।
