বাংলাদেশে এসেছেন রোমানিয়ান জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে ওটিলিয়া লেখেন, ‘হ্যালো ঢাকা! নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সব ভক্তের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। সবাইকে অনেক ভালোবাসা। শিগগিরই দেখা হবে।’
তার এই পোস্টের মাধ্যমে বাংলাদেশে আসার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত এই শিল্পী।
৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভা শহরে। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। গানটি বিভিন্ন দেশে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।
এর আগে ২০২২ সালের জুলাই মাসেও বাংলাদেশ সফর করেছিলেন ওটিলিয়া। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে ভক্তদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন এই গায়িকা। তবে এবারের সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে পোস্টে কিছু জানাননি তিনি।
