ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অভিনয়ে ফিরেই সাফল্যের দেখা পেলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার প্রত্যাবর্তনের নাটক ‘অংশীদার’ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে নাটকটির ভিউ ইতোমধ্যে ১৫ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
নয় মাস আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার ও কেমোথেরাপি নিতে হয় তানিয়াকে। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তিনি।
ইকসান রনির পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ নাটকটি শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। পারিবারিক টানাপোড়েন, নারীর সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প উঠে এসেছে নাটকটিতে।
তানিয়া বৃষ্টির পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
অভিনেত্রীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দর্শকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন প্রশংসা ও শুভকামনা।
নির্মাতা ইকসান রনি জানিয়েছেন, শুটিংয়ে তানিয়াকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তার অভিনয় এবং মুক্তির মাত্র ২২ ঘণ্টায় দর্শকদের ব্যাপক সাড়া পুরো নির্মাণ দলের জন্য বড় অনুপ্রেরণা।
