সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে হোটেলের কক্ষে তাকে নিস্তেজ অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বিজ্ঞাপনচিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেন সোহেল খান। ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি।
এ ছাড়া ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।
