ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ বছরের সংসার, তবু তিন বছর ধরে আলাদা মৌসুমী–ওমর সানী!

৩১ বছরের সংসার, তবু তিন বছর ধরে আলাদা মৌসুমী–ওমর সানী!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন। মৌসুমী যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এবার আলাদা থাকার প্রকৃত কারণ জানিয়েছেন তাঁরা।

২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর মা বয়সজনিত স্মৃতিভ্রংশে ভুগছেন এবং একা চলাফেরা করতে পারেন না।

মৌসুমী জানান, মায়ের শারীরিক অবস্থার কারণেই দেশে ফিরতে পারছেন না। জীবনের এই সময়ে মায়ের পাশে থাকতে পারাকে বড় প্রাপ্তি মনে করেন তিনি।

অন্যদিকে ওমর সানী বাংলাদেশে অভিনয় ও রেস্তোরাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেও অনুমোদন পাননি।

তবে দূরত্ব তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। নিয়মিত ভিডিও কলে যোগাযোগ রাখেন তাঁরা। জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও একে অপরকে শুভেচ্ছা জানান।

১৯৯৫ সালে বিয়ে করা এই তারকা দম্পতির সংসারজীবন ৩১ বছরের। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ওমর সানী জানিয়েছেন, পারিবারিক প্রয়োজনেই তাঁদের আলাদা থাকা। শিগগিরই আবার দেখা হওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।