বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কিংবদন্তি সাধকদের কালজয়ী গান আধুনিক সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি।
আয়োজনে রয়েছে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের জনপ্রিয় সৃষ্টি।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।
সংগীতায়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
তরিক আল ইসলাম বলেন, লোকসংগীত বাঙালির শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলার সমৃদ্ধ সংগীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করবে।
ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানগুলো।
